অর্থনীতি

ইউরোপের বাজার ধরতে হোম টেক্সটাইল ও চামড়া খাতে টেকসই উৎপাদনের তাগিদ

নতুন সুযোগ তৈরি ও রপ্তানি সহজ করতে সহযোগিতা করবে দেশটি: বাণিজ্যমন্ত্রী

ইউরোপের বাজার ধরতে হোম টেক্সটাইল ও চামড়া খাতে টেকসই উৎপাদনের তাগিদ

ইউরোপের রপ্তানি বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে হোম টেক্সটাইল ও চামড়া খাতে টেকসই উৎপাদন, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং শ্রমিকদের সামাজিক অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা।

তাদের মতে, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, কারিগরি জ্ঞানের অভাব এবং অর্থায়ন সংকটের কারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো (এসএমই) আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর ইউরোপীয় বাজারে রপ্তানি ধরে রাখতে এসব সীমাবদ্ধতা কাটানো জরুরি।

বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ-নেদারল্যান্ডস টেকসই বাণিজ্য ফোরাম ২০২৬-এ বক্তারা এসব কথা বলেন।

নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সির (আরভিও) অংশ এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে পরিচালিত সিবিআই এ ফোরামের আয়োজন করে। অনুষ্ঠানে সিবিআইয়ের উদ্যোগে হোম টেক্সটাইল খাতে ‘সাসটেইনেবল হোম টেক্সটাইলস বাংলাদেশ (২০২৫-২০৩০)’ এবং চামড়া খাতে ‘বাংলাদেশ লেদার এক্স ডিসেন্ট ওয়ার্ক (২০২৫-২০২৯)’ শীর্ষক দুটি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী, দেশে প্রায় ১ কোটি ১৭ লাখ অর্থনৈতিক ইউনিট রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৩ কোটি ৬ লাখ মানুষ। এসএমই ফাউন্ডেশনের হিসাবে, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান প্রায় ২৫ শতাংশ। তবে বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা, আধুনিক প্রযুক্তির অভাব এবং পর্যাপ্ত অর্থায়ন না থাকায় রপ্তানিমুখী এসএমইগুলোর সক্ষমতা বাড়ানো কঠিন হয়ে পড়ছে।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য অত্যন্ত কাঙ্ক্ষিত রপ্তানি বাজার। এ বাজারে কার্যকর অংশীদার প্রয়োজন। নেদারল্যান্ডস বাংলাদেশের ক্ষুদ্র, কুটির, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের (সিএমএসএমই) জন্য নতুন সুযোগ তৈরি এবং ইউরোপীয় বাজারে প্রবেশ সহজ করতে সহযোগিতার হাত বাড়িয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, অনেকেই কমপ্লায়েন্সের শর্তকে বাধা হিসেবে দেখেন। তবে নেদারল্যান্ডসের দৃষ্টিতে এটি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য নিজেদের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা প্রমাণের সুযোগ। এসব শর্ত মেনে চললে প্রতিষ্ঠানগুলো সঠিক উপায়ে ব্যবসা পরিচালনার পাশাপাশি উচ্চমূল্যের বাজারেও প্রবেশ করতে পারবে।

স্বাগত বক্তব্যে সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডস বলেন, এসএমইগুলোর সামাজিক কমপ্লায়েন্স এবং ইউরোপীয় বাজারে অবস্থান শক্তিশালী করতে তারা কাজ করবেন। পেশাগত স্বাস্থ্য ও অগ্নিনিরাপত্তা, নারী-পুরুষের জন্য ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ এবং শ্রমিকদের মতামত প্রকাশের সুযোগ নিশ্চিত করা হবে এ কর্মসূচির অগ্রাধিকার।

ডাচ ও ইউরোপীয় ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের সরবরাহকারীরা আন্তর্জাতিক বাজারের জন্য প্রস্তুত হচ্ছেন। তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, পণ্য কেনা, বিনিয়োগ এবং অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের আহ্বান জানান তিনি।

হোম টেক্সটাইল খাতে পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে উদ্যোক্তাদের সহায়তা দেবে নতুন কর্মসূচি। এতে তরল বর্জ্য ব্যবস্থাপনা, প্রাকৃতিক রঙের ব্যবহার এবং বিকল্প উপকরণের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি প্রাকৃতিক রঙের ব্যবহার, ক্ষুদ্র কারুশিল্পভিত্তিক এসএমইর জন্য বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনের বিকল্প সমাধান এবং ইটিপি স্থাপনে অর্থায়ন নিয়ে তিনটি পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে জানানো হয়, হোম টেক্সটাইল খাতের অধিকাংশ এসএমই প্রাকৃতিক রঙের ব্যবহার বাড়াতে এবং তরল বর্জ্য ব্যবস্থাপনার মান উন্নত করতে আগ্রহী। কিন্তু ওয়েট প্রসেসিংয়ের আন্তর্জাতিক মান পূরণ করতে না পারায় ইউরোপীয় ক্রেতারা এসব প্রতিষ্ঠানের পণ্য কেনার ক্ষেত্রে সতর্ক। ফলে তারা মূলত রংবিহীন প্রাকৃতিক তন্তুর পণ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকছেন।

প্রাকৃতিক রঙের ব্যবহার সম্ভাবনাময় হলেও রঙের স্থায়িত্ব, উৎপাদনের ধারাবাহিকতা এবং ব্যয় এখনো বড় চ্যালেঞ্জ। অন্যদিকে পাটসহ প্রাকৃতিক তন্তু দিয়ে তৈরি পণ্যের চাহিদা রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে উৎপাদনের মান ও পরিবেশগত ব্যবস্থাপনা উন্নত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

চামড়া খাতের জন্য নেওয়া কর্মসূচিতে ক্ষুদ্র চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সামাজিক কমপ্লায়েন্স এবং ইউরোপীয় বাজারে প্রবেশের প্রস্তুতি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। কর্মপরিবেশের উন্নয়ন, শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং নারী-পুরুষের সমান অংশগ্রহণের সুযোগ তৈরিতে কাজ করা হবে।

ইনভেস্ট বাংলাদেশ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) তথ্য অনুযায়ী, দেশের চামড়া খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৮ লাখ ৫০ হাজার মানুষ কাজ করেন। তাদের উল্লেখযোগ্য অংশ নারী। তবে নারী উদ্যোক্তাদের আনুষ্ঠানিক ঋণপ্রাপ্তির ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা রয়েছে। কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার এবং সামাজিক কমপ্লায়েন্স নিশ্চিত করা গেলে ইউরোপের উচ্চমূল্যের বাজারে বাংলাদেশের চামড়াজাত পণ্যের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

কর্মসূচি উদ্বোধনের পর সিবিআইয়ের অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ ও পরামর্শক জিম টেরস্টেগ বাংলাদেশের হোম টেক্সটাইল ও চামড়া খাতে সংস্থাটির পৃথক কর্মসূচির লক্ষ্য, পরিসর এবং এসএমইগুলোর জন্য সম্ভাব্য সুযোগ নিয়ে দুটি উপস্থাপনা দেন।

এরপর হোম টেক্সটাইল খাতে ‘কমপ্লায়েন্স থেকে প্রতিযোগিতামূলক সক্ষমতা: বাংলাদেশের হোম টেক্সটাইল খাতে টেকসই প্রবৃদ্ধির সম্ভাবনা উন্মোচন’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। পরে চামড়া খাতের টেকসই উৎপাদন ও বৈশ্বিক উচ্চমূল্যের বাজারে প্রবেশের পথ নিয়ে দ্বিতীয় প্যানেল আলোচনা হয়।

ফোরামে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং শিল্পসংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ প্রায় ১৭০ জন অতিথি অংশ নেন।

বিষয়:ইউরোপের রপ্তানি বাজার উৎপাদন চামড়া খাত পরিবেশবান্ধব প্রযুক্তি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির হোম টেক্সটাইল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…