বিক্ষোভ চলবে কিন্তু বিশৃঙ্খলায় জড়ানো যাবে না: আখতার হোসেন

ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিক্ষোভ চলবে কিন্তু কোনওভাবে কোনও বিশৃঙ্খলায় জড়ানো যাবে না।
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর তৃণমূলের সকল স্তরের নেতাকর্মীকে স্থানীয় পর্যায়ে বিক্ষোভ আয়োজনের নির্দেশ দিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বিভিন্ন দাবির কথা উল্লেখ করে নেতাকর্মীদের বিক্ষোভ আয়োজনের নির্দেশ দেন। দাবিগুলো হলো-
-শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের খুনিদের গ্রেফতার ও বিচার
-জুলাই গণহত্যার খুনিদের ভারত থেকে দেশে প্রত্যাবর্তন, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা
-আওয়ামী সন্ত্রাসী ও দোসরদের গ্রেফতার এবং নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা
-সংবাদ মাধ্যমের উপরে হামলার প্রতিবাদ
-ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি
প্রতিবাদী বক্তব্য হবে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পরে এমন কোনও বিষয়ে এনগেজড হওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনে নানা ধরনের হঠকারি গ্রুপ অনুপ্রবেশ করে স্যাবোটাজ করার পরিকল্পনায় আছে। তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হলো।
আখতার হোসেন বলেন, আমরা হাদি ভাইয়ের খুনিদের বিচার চাই। কিন্তু আমাদেরকে ব্যবহার করে কোনও তৃতীয় পক্ষ যেন দেশের নিয়ন্ত্রণ নেবার কোনও সুযোগ না পায়, সেটা আমাদেরকেই নিশ্চিত করতে হবে ৷ জনসাধারণকে সাবধান রাখার দ্বায়িত্বও আমাদের। ইনকিলাব! জিন্দাবাদ!






