দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে মানুষের ভিড়ে পদদলিত হয়ে মারা গেছেন দেশটির তরুণ অভিনেতা ও গায়ক লি জি-হান।
লির বয়স হয়েছিল ২৪ বছর। তার মৃত্যুর খবরটি জানা যায় কোরিয়ান ভিত্তিক সংবাদমাধ্যম দ্য কোরিয়া হেরাল্ডের প্রতিবেদন থেকে ।
গত শনিবার হ্যালোইন উৎসবের রাতে ইটাওন এলাকার একটি সরু গলিতে প্রায় ১০ হাজার মানুষ একসঙ্গে ঢুকতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত দেড় শতাধিক মানুষের মৃত্যুর খবর এসেছে গণমাধ্যমে। সেই তালিকাতে নাম ছিল লিরও।
এছাড়াও লির এজেন্সি ‘৯৩৫ এন্টারটেইনমেন্ট’ এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, ‘আমরা তার শোকাহত পরিবার, লির শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানাই। লি সব সময় হাসিমুখে থাকতেন, মানুষের মধ্যে অনুপ্রেরণা ছড়িয়ে দিতেন। তিনি একজন আলোকিত মানুষ ছিলেন। তিনি আর আমাদের মধ্যে নেই, এটা বিশ্বাস করা যায় না।’
কোরিয়ার জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘প্রডিউস ১০১’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন লি। এরপর তিনি একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে সংগীতজীবনে পা রাখেন। পরবর্তী সময়ে কোরিয়ার জনপ্রিয় ড্রামা সিরিজ ‘টুডে ওয়াজ অ্যানাদার নাম হুইন ডে’-তে অভিনয় করে খ্যাতি পান তিনি।
সূত্র: বলিউড হাঙ্গামা







