বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) আরও বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিটিভি নিয়ে তার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক (গ্রেড-১) কাজী জেসিন।
মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে কাজী জেসিন বলেন, বিটিভিকে শুধু আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া নয়, বরং আরও আধুনিক, অনন্য ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে রূপ দিতে চান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিটিভিকে ক্ষমতাসীন দলের প্রচারযন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি দর্শক হারিয়েছে এবং বিশ্বাসযোগ্যতার সংকটে পড়েছে। গণঅভ্যুত্থানের পরও বিটিভিতে কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা হয়নি। অতীতে কোনো সরকার বিটিভিকে নিয়ে এতটা গুরুত্ব দিয়ে ভাবেনি। কিন্তু প্রধানমন্ত্রী বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রতিষ্ঠানটির পরিবর্তনে উদ্যোগ নিয়েছেন।
‘নয়া বন্দোবস্ত’ প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর অনেকে এনিয়ে কথা বললেও প্রধানমন্ত্রী নীরবে পরিবর্তনের কাজ করে যাচ্ছেন। এই পরিবর্তনের অংশ হিসেবে বিটিভিকেও নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা শুনে তিনি অভিভূত হয়েছেন। বিটিভি শুধু তার আগের অবস্থানে ফিরে যাবে না, বরং একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত হবে এটাই প্রধানমন্ত্রীর লক্ষ্য।
তবে পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা সহজ নয় বলেও মন্তব্য করেন কাজী জেসিন। তিনি বলেন, কাজটি কঠিন হলেও এটি আনন্দের। সেই লক্ষ্যেই তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন।








