পবিত্র ঈদুল আজহার দিনে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার ২৮ মে সকালে ঈদের নামাজ আদায় শেষে মা-বাবার কবর জিয়ারত করতে শেরে বাংলা নগরে পৌঁছান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
এর আগে, সকাল ৭টা ৩০মিনিটে ঈদ জামায়াতে অংশ নিতে জাতীয় ঈদগাহে যান প্রধানমন্ত্রী এবং সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।
মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ও বিদেশি কূটনীতিকরাও জাতীয় ঈদগাহ ময়দানের এ প্রধান জামাতে অংশ নিয়েছিলেন।







