আসন্ন অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেট অনুমোদন করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রচলিত রীতি অনুযায়ী জাতীয় বাজেট সংসদে উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের অনুমোদন গ্রহণ করা হয়।
সভা শেষে অনুমোদিত বাজেট অর্থমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে বিকাল ৩টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এরপর অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে সরকারের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জাতীয় অর্থনীতি, রাজস্ব আহরণ, উন্নয়ন ব্যয় এবং বিভিন্ন খাতের বরাদ্দ নিয়ে এবারের বাজেটকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বাজেট উপস্থাপনের মাধ্যমে নতুন অর্থবছরের সরকারের আর্থিক পরিকল্পনার বিস্তারিত চিত্র তুলে ধরা হবে।







