বহু প্রতীক্ষিত ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’-এ স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতির দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই আদেশের ভিত্তিতেই এবার গণভোট অনুষ্ঠিত হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের মাধ্যমে যেসব সাংবিধানিক সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই বিষয়ে জনগণের চূড়ান্ত মতামত জানতে চাওয়া হবে এই গণভোটে।
এদিকে, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ধারণা করা হচ্ছে, তার এই ভাষণেই গণভোট কবে অনুষ্ঠিত হবে, সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি জানানো হতে পারে।
এর আগে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।








