আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলা জাতিসংঘের মূল নীতির নির্লজ্জ লঙ্ঘন: বাইডেন

বাইডেন জাতিসংঘে বক্তৃতা দিচ্ছেন, বিশ্ব শান্তির জন্য আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘে ভাষণ দিচ্ছেন, বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বার্তা প্রদান।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলা জাতিসংঘের সনদের মূল নীতির নির্লজ্জ লঙ্ঘন।

জাতিসংঘের সাধারণ পরিষদের এক ভাষণে প্রেসিডেন্ট বাইডেন এ যুদ্ধকে নৃশংস এবং অপ্রয়োজনীয় বলেও বর্ণনা করেন।

তিনি বলেন, পুতিন বুধবার ইউরোপের বিরুদ্ধে প্রকাশ্যে পরমাণু হুমকি দিয়েছেন। সারা বিশ্বকে রাশিয়ার ভয়ানক কর্মকাণ্ডগুলো নজর রাখার জন্য তিনি আহ্বান জানান।

প্রেসিডেন্ট বাইডেন খাদ্য অনিরাপত্তা যাতে না বাড়ে সেজন্য রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ থামানোর আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, একমাত্র মস্কোর সরকার ছাড়া কেউই সংঘাত চায় না। বাইডেন জাতিসংঘের স্থায়ী ও অস্থায়ী সদস্য বাড়ানোর বিষয়ে সমর্থন জানান।

প্রেসিডেন্ট বাইডেন ভাষণে বলেন, যুক্তরাষ্ট্র  চীন কিংবা অন্য দেশের সঙ্গে সংঘাত কিংবা স্নায়ুযুদ্ধ চায় না। তিনি ‘এক চীন নীতি’তে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

বাইডেন বলেন, আমরা সংঘাত চাই না, আমরা ঠান্ডা লড়াই চাই না, আমরা কোনো জাতিকে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো অংশীদারকে পছন্দের কথাও বলতে চাই না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীতে শান্তি এবং স্থিতিশীলতা চায়।

তবে কেউ এককভাবে কোনোকিছু পরিবর্তন করলে যুক্তরাষ্ট্র তার বিরোধিতা করবে বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট বাইডেন।

‘আমরাই ইতিহাসের লেখক’ উল্লেখ করে প্রেসিডেন্ট বাইডেন জাতিসংঘ সনদের প্রতি বিশ্বাস স্থাপন করে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিষয়:জাতিসংঘের সাধারণ পরিষদ জো বাইডেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…