প্রিমিয়ার ডিভিশন হকি লিগে মেরিনার্সের কাছে ৩-২ গোলে হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে গেল মোহামেডান। পক্ষান্তরে, জয় পেয়ে শিরোপা লড়াইয়ের দৌড়ে এগিয়েছে গতবারের চ্যাম্পিয়ন মেরিনার্স।
মেরিনার্সের হয়ে হ্যাটট্রিক করেছেন সোহানুর রহমান সবুজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রোববার ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। সেকেন্ড কোয়ার্টারের শেষের দিকে সোহানের গোলে সমতায় ফেরে মেরিনার্স।
থার্ড কোর্য়াটারে সবুজের দ্বিতীয় গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। এরপর চতুর্থ কোয়ার্টারে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সবুজ। শেষ মুহূর্তে গোল করে ব্যবধান কমান মোহামেডানের জিমি।
এ জয়ে মেরিনার্সের পয়েন্ট ৩১। শেষ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ পুলিশ ও অ্যাজাক্স। হেরেও ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মোহামেডানকে শেষ দুই ম্যাচে খেলতে হবে আবাহনী ও ঊষার সঙ্গে।








