আগেই জানা গিয়েছিল, ২০২৪ সালে মুক্তি পাবে দক্ষিণী সুপারস্টার প্রভাস এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন অভিনীত আসন্ন ছবি ‘প্রজেক্ট কে’। যেখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। এবার ঘোষণা এলো ছবিটির মুক্তির তারিখ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) নিজের টুইটার হ্যান্ডেল থেকে অমিতাভ বচ্চন ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেছেন। জানা গেছে, আগামী বছরের ১২ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। ছবিটির মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি এর একটি পোস্টারও উন্মোচন করেছেন অমিতাভ।
এর আগে জানা গিয়েছিল, নাগ অশ্বিন পরিচালিত সাইন্স ফিকশন অ্যাকশন ড্রামা ঘরানার এই ছবিটি ‘বাহুবলী’র মতোই দুই পর্বে মুক্তি দেয়া হবে। যেখানে প্রথম পর্বে থাকবে টানটান উত্তেজনা এবং দ্বিতীয় পর্বে মিলবে সব রহস্য ও প্রশ্নের সমাধান।
ইতোমধ্যেই সিনেমার সিংহভাগ শুটিং সেরে ফেলেছেন পরিচালক। মেগা বাজেট এই ছবিকে ‘লার্জার দ্যান লাইফ’ বানাতে চান নাগ অশ্বিন। হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘প্রজেক্ট কে’ ছবিটি।
সূত্র: বলিউড হাঙ্গামা








