আট ঘণ্টার বেশি কাজ না করার শর্তে একাধিক ছবি হাতছাড়া করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এই শর্তের জেরেই প্রথমে তিনি বাদ পড়েন সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ সিনেমা থেকে। পাশাপাশি পারিশ্রমিক বাড়ানোর দাবি থাকায় নির্মাতাদের সঙ্গে মতবিরোধ তৈরি হয় বলে জানা গেছে।
একইভাবে আরো একটি বড় প্রকল্পেও এবার দীপিকার জায়গায় দেখা যেতে পারে সাই পল্লবীকে। দীপিকার কাজের সময়সীমা নিয়ে দীর্ঘদিন ধরেই বি-টাউনে আলোচনা চলছে। এই বিতর্কের প্রভাব পড়েছে নাগ অশ্বিন পরিচালিত আলোচিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলেও।
প্রথম পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা, যা ছাড়া সিকুয়েল কল্পনা করাই কঠিন ছিল বলে মনে করেন অনেকেই। তবে নির্মাতাদের দাবি, কাজের ক্ষেত্রে ‘দায়বদ্ধতার অভাবের’ কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে। সূত্রের খবর, সিকুয়েলে দীপিকার চরিত্রে সাই পল্লবীকে দেখা যেতে পারে।
যদিও এ বিষয়ে এখনো নির্মাতা বা অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে দর্শকদের একাংশের ধারণা সিকুয়েলে দীপিকার চরিত্রটিকে মৃত দেখানো হতে পারে এবং সাই পল্লবীকে একেবারে নতুন চরিত্রে পরিচয় করানো হবে।
এই বিষয়েও এখনও স্পষ্ট কোনো তথ্য মেলেনি। দীপিকা বাদ পড়ার পর প্রথমে গুঞ্জন উঠেছিল, ওই চরিত্রে আলিয়া ভাটকে দেখা যেতে পারে। তবে বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন সাই পল্লবীই। শেষ পর্যন্ত চরিত্রটি কার ঝুলিতে যায়, সেটাই এখন দেখার বিষয়। –হাঙ্গামা এক্সপ্রেস







