১১৬ বছর ধরে ইতিহাসের সাক্ষী পর্তুগালের প্রজাতন্ত্র দিবস

১৯১০ সালের এই দিনে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রতিষ্ঠিত হয় পর্তুগিজে প্রজাতন্ত্র। সোমবার (৫ অক্টোবর) পর্তুগালের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে প্রতিবছর ৫ অক্টোবর পালিত হয় প্রজাতন্ত্র দিবস (Dia da República)।
এক শতাব্দীরও বেশি সময় আগে, ১৯১০ সালের ৫ অক্টোবর লিসবনের রাজপথে শুরু হয় এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন। সামরিক বিদ্রোহ ও রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটে পর্তুগালের রাজতন্ত্রের। রাজা মানুয়েল দ্বিতীয় দেশ ছেড়ে চলে গেলে আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়।
এর মধ্য দিয়ে পর্তুগালের রাজনৈতিক ইতিহাসে শুরু হয় নতুন এক অধ্যায়। রাজতান্ত্রিক শাসনের পরিবর্তে দেশ পরিচালনার দায়িত্ব নেয় প্রজাতান্ত্রিক সরকার। পরবর্তী সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, প্রশাসন ও রাজনৈতিক ব্যবস্থায়ও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী লিসবনজুড়ে থাকে নানা সরকারি, সাংস্কৃতিক ও ঐতিহাসিক আয়োজন। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও ঐতিহাসিক স্থানগুলোতে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান।
Praça do Município-তে জাতীয় পতাকা উত্তোলন, আনুষ্ঠানিক বক্তব্যসহ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হয় ১৯১০ সালের সেই ঐতিহাসিক দিনকে।
এছাড়া Assembleia da República পর্তুগিজ পার্লামেন্ট ভবনেও থাকে সাধারণ দর্শনার্থীদের জন্য বিশেষ আয়োজন। ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশনা ও শিশুদের জন্য বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
পর্তুগালে ৫ অক্টোবর একটি সরকারি ছুটির দিন হলেও এর গুরুত্ব শুধুমাত্র ছুটির মধ্যে সীমাবদ্ধ নয়। দিনটি দেশটির রাজনৈতিক পরিবর্তন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং আধুনিক প্রজাতান্ত্রিক ব্যবস্থার সূচনার সঙ্গে গভীরভাবে জড়িত।
১৯১০ সালের সেই পরিবর্তনের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছিল, তারই স্মৃতি বহন করে আজও পর্তুগালের জাতীয় ক্যালেন্ডারে বিশেষ গুরুত্ব নিয়ে ফিরে আসে ৫ অক্টোবর।
লিসবনের রাস্তায় পর্তুগালের জাতীয় পতাকা, সরকারি অনুষ্ঠান আর মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আজও স্মরণ করা হয় সেই ঐতিহাসিক দিন যেদিন বদলে গিয়েছিল পর্তুগালের রাষ্ট্রব্যবস্থা।





