স্বাস্থ্য-পুষ্টিতে পিছিয়ে বরিশালের দরিদ্র-অতিদরিদ্র জনগোষ্ঠি

স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে পিছিয়ে পড়ছে দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠি। তাই তাদের স্বাস্থ্য ও পুষ্টিতে স্বাভাবিক করতে চালু করা হয়েছে মাতৃত্ব ও সিজারিয়ান ভাতা প্রদান, পুষ্টি-বাগান তৈরী ও সবজী বীজ বিতরণ, মাইক্রোনিউট্রিয়েন্ট বিতরণ, হাত ধোয়া কর্মসূচির মত নানা স্বাস্থ্য বিষয়ক জনগুরুত্বপূর্ণ কর্মকাণ্ড।
বরিশাল অঞ্চলের আওতায় ৩ হাজার ৪৩ জনকে মাতৃত্বকালীন ভাতা ২ কোটি ৯২ লাখ ১২ হাজার ৮শ টাকা এবং ২৮৫ জনকে সিজারিয়ান ভাতা ২৮ লাখ ৫০ হাজার টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা দেওয়া হয়েছে।
বরিশালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্বশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বরিশাল আঞ্চলিক ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসডিএফ বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামাল বাশার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।
কর্মশালায় বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর জেলার সিভিল সার্জন, স্বাস্থ্য, সমাজসেবা, কৃষি সম্প্রসারণ, জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং অংশীজন অংশগ্রহণ করেন।
এসডিএফ কর্তৃক রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিয়রশীপ আ্যান্ড লাইভলিহুড ইমপ্রভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় ২০টি জেলার পিছিয়ে পড়া ৬৮ টি উপজেলার ১২৮ টি ক্লাস্টারের আওতাধীন ৩২০০টি গ্রামে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, সহনশীলতা বৃদ্ধি এবং উদ্যোক্তাদের সহায়তা করনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।






