দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদী থেকে অজ্ঞাত পরিচয় দু’টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটির পরিচয় এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে তাদের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে চিরিরবন্দর উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা এলাকার কাঁকড়া নদীর ব্রিজসংলগ্ন বানিয়া খাড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করে। মরদেহ দুটির পরনে জ্যাকেট, মাফলার ও টুপি ছিল।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী জানান, উদ্ধারকৃত মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর কারণ ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় দায়িত্বরত বিজিবির সংশ্লিষ্টদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।







