ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা রামপুরা ব্রীজে আটকে দিয়েছে পুলিশ।
রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রামপুরা ব্রিজের ওপর ব্যারিকেট দিয়ে পদযাত্রাটি আটকে দেন পুলিশ সদস্যরা।
এ দিন সকাল থেকে নেতা কর্মীরা আসতে শুরু করেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। এসব প্ল্যাকার্ডের মধ্যে ছিল ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ’, ‘এক জাতি এক দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘ওয়াসিম-সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ‘স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপস নয়’ ইত্যাদি।
নেতা-কর্মীরা বলছেন, ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠনের উচ্ছৃঙ্খল সদস্যরা আগরতলার সহকারী হাইকমিশনে হামলা করেছে। যা দেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর। এ সময় উচ্ছৃঙ্খল জনতা জাতীয় পতাকা অবমাননা করেছে, মিশনের সম্পদ বিনষ্ট করেছে। ভারত সরকার ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলেও দাবি তাঁদের। আর এসবের প্রতিবাদেই পদযাত্রা করে স্মারকলিপি দেয়া হবে ভারতীয় দূতাবাসে।







