অমর একুশে বইমেলা-২০২৪ উপলক্ষ্যে বিশিষ্ট লেখক, সাংবাদিক, নাট্যকার, সাহিত্যিক ও কবি মো. নুরুল আমিনের লেখা নতুন বই প্রকাশ হয়েছে। ‘ধান শালিকের কাব্যমালা’ নামক বইটি প্রকাশ করেছে বাডস প্রকাশনী। অমর একুশে বইমেলায় বাডস প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাবে। বইটির মূল্য ৩০০ টাকা।
এই বিষয়ে লেখক মো. নুরুল আমিন বলেন, হৃদয়ের আঙিনায় ভালোবাসার রংতুলিতে রঙিন হয়ে ওঠে দেশ ও দেশের প্রকৃতি। আবহমান বাংলার ধান শালিক যেন আমাদের নিকট কুটুম। প্রাচীন ঐতিহ্যের ধান শালিক যেন আমাদের হৃদয়ে দোল খায়। আমরা প্রকৃতির রঙে রঙিন হয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখি। তাই কাব্যিক দৃষ্টিকোণে গড়ে উঠেছে ধান শালিকের কাব্যমালা। এটি আমার লেখা সপ্তম বই।
লেখক মো. নুরুল আমিন জীবন সংগ্রামের কঠিন বাস্তবতায়ও লিখে চলেছেন সমাজ, দেশ ও জীবনবোধ থেকে নেওয়া তার অভিজ্ঞতার কথা। সীমাবদ্ধতা ও প্রতিকূলতাকে জয় করে প্রকাশ হচ্ছে তার একটির পর একটি বই। সীমাহীন আত্মপ্রত্যয়ী এই লেখকের অন্যান্য বইগুলো হচ্ছে- কাব্যগ্রন্থ: ভালোবাসা মরে না, প্রেয়সী, কোনো এক বিকেলে। প্রবন্ধ গ্রন্থ: জেগে উঠি জাগিয়ে তুলি, জীবন জেগে থাকে, ভাগ্য রিমান্ডে এবং নাটক: ভাষা আন্দোলন।
লেখক নুরুল আমিন দ্বীপ জেলা ভোলার লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ড বালুচর গ্রামে ১ এপ্রিল ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকে তিনি লেখালেখি করেন। তিনি উপকূল সাহিত্য সংসদের সদস্য সচিব এবং লালমোহন প্রেসক্লাবের ম্যাগাজিন ও সাহিত্য সম্পাদক। তিনি একাধিক জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকার জেলা এবং উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
এছাড়াও তিনি মুক্তবুলি সাহিত্য ম্যাগাজিনের অনলাইন ও প্রিন্ট ভার্সনের নিয়মিত লেখক। ‘ধান শালিকের কাব্যমালা’ বইটি লেখক ও পাঠক মহল গ্রহণ করলে নুরুল আমিনের মতো শেকড়সন্ধানী লেখকরা প্রেরণা পাবে, সৃষ্টি হবে তার মতো নতুন লেখক। এমন প্রত্যাশা জানিয়ে গুণী লেখকের প্রতি শুভ কামনা জানিয়েছেন সাহিত্যপ্রেমীরা।








