মুক্তি পেল ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ফরিদুর রেজা সাগর প্রযোজিত ছবি ‘পায়ের ছাপ’। শুক্রবার (২৩ ডিসেম্বর) ঢাকাসহ দেশের ১১টি সিনেমা হলে সাইফুল ইসলাম মাননু পরিচালিত এই ছবিটি মুক্তি পেলো।
আর এই ছবি দিয়ে দেশের বড়পর্দায় অভিনেত্রী হিসেবে অভিষেক হলো মেঘলা মুক্তার।
এর আগে তেলুগু ছবি ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয় করেছিলেন মেঘলা। এবার ইমপ্রেসের পায়ের ছাপ-এর মাধ্যমে তার ঢাকার ছবিতে অভিষেক হতে হলো।
তিনি ছাড়াও অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়া।
নারীর ক্ষমতায়নের গল্পকে কেন্দ্র করে নির্মিত এ ছবি প্রসঙ্গে মেঘলা মুক্তা বলেন, নারীর শূন্য থেকে শিখরে যাওয়াই উঠে আসবে পায়ের ছাপ-এ। এখন ভালো গল্প ও মেকিংয়ের ছবি দেখতে দর্শক হলে যাচ্ছে। আমার বিশ্বাস, পায়ের ছাপ-ও একটি পরিপূর্ণ ছবি যা দর্শক পুরোটা সময় উপভোগ করতে পারবেন।
স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), সনি স্কয়ার (মিরপুর), ব্লকবাষ্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী সিনেমা হল, লায়ন সিনেমাস কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম) চন্দ্রিমা (শ্রীপুর), ছায়াবানী (ময়মনসিংহ), মধুবন (বগুড়া), শংখ (খুলনা), চিত্রালী (খুলনা)।
পরিচালক সাইফুল ইসলাম মাননু বলেন, ‘পায়ের ছাপ’ দেখলে জীবন, পেশা ও ভবিষ্যতের জন্য মায়া বাড়বে। গ্রাম থেকে শহরে এলে অনেকেই ভয় পায়। ‘পায়ের ছাপ’ এর গল্প এই ভয়কে জয় করার গল্প। সেটাই দেখানো হয়েছে, যা আমাদের সমাজের সবার জন্য বিশেষ করে নারীদের জন্য অনুপ্রেরণা যোগাবে। সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে নারীর যে অসামান্য ভূমিকা থাকে সেই গল্প তুলে ধরা হয়েছে।







