পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, ফয়েজ হামিদের বিরুদ্ধে আইএসআই’র প্রধান থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার এবং ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানোর অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিলেন জেনারেল হামিদকে গ্রেপ্তার করতে এবং সেনাবাহিনী এখন “ফিল্ড জেনারেল কোর্ট মার্শালে’র প্রক্রিয়া শুরু করেছে। আরও বলা হয়েছে, জেনারেল হামিদ অবসর গ্রহণের পর থেকে বেশ কয়েকবার পাকিস্তান আর্মি অ্যাক্টের লঙ্ঘন করেছেন।
জেনারেল হামিদের পদমর্যাদার কাউকে পাকিস্তানে গ্রেপ্তার করার ঘটনা খুবই বিরল এবং বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল তালাত হুসেন এই পদক্ষেপকে অস্বাভাবিক বলে বর্ণনা করেছেন এবং ভবিষ্যদ্বানী করেছেন যে আরও অনেকই গ্রেপ্তার হতে পারে।
অনেকে হামিদের গ্রেপ্তারের কারণ হিসেব সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ককে দায়ী করছেন।২০২২ সালের ডিসেম্বরে অবসর নেওয়ার আগে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ইমরান খানের প্রশাসনের সময় আইএসআই’র নেতৃত্ব দিয়েছিলেন। ওই সময় দু’জনের মধ্যে খুব ঘনিষ্ট সম্পর্ক বজায় ছিল বলে ধারণা করা হত।







