পাকিস্তানে পুলিশের ভুল অভিযানে এক অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা ও ভাই। ডাকাত সন্দেহে ভুলবশত পুলিশের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ১০ জুন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকওয়াল শহরে এ ঘটনা ঘটে।
নিহত হানিয়া আহমেদ (১০) পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহরের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। গুলিতে তার বাবা আদিল আহমেদ (৩৯) এবং ১১ বছর বয়সী ভাই আফান গুরুতর আহত হয়। তবে তার মা অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান।
পুলিশের বক্তব্য অনুযায়ী, সশস্ত্র ডাকাতদের হামলার মুখে পরিবারটি ভাড়া করা গাড়িতে করে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় পাঞ্জাব পুলিশের এলিট ফোর্সের সদস্যরা পরিস্থিতি ভুলভাবে মূল্যায়ন করেন।
রোববার প্রকাশিত পাঞ্জাব পুলিশের ক্রাইম কন্ট্রোল বিভাগের এক বিবৃতিতে বলা হয়, অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা ভুলভাবে ধারণা করেন যে ডাকাতরা ভুক্তভোগীদের গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে। সেই ভুল ধারণা থেকেই তিনি গুলি চালান।
বিবৃতিতে আরও বলা হয়, এই ভুল সিদ্ধান্তের ফলে ১০ বছর বয়সী হানিয়ার মর্মান্তিক মৃত্যু হয় এবং তার বাবা ও ভাই আহত হন।

এ ঘটনায় পাকিস্তানের কাছে জবাবদিহিতা চেয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি বলেন, তার সরকার ঘটনাটির পূর্ণ স্বচ্ছতা এবং যথাযথ তদন্ত প্রত্যাশা করে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলবেনিজ বলেন, ‘আমার জানা মতে, শুধু একটি শিশুই প্রাণ হারায়নি, পরিবারের আরও কয়েকজন সদস্যও গুরুতরভাবে আহত হয়েছেন। পরিস্থিতি অত্যন্ত মর্মান্তিক।’
পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, যে পুলিশ কর্মকর্তা গুলি চালিয়েছিলেন তাকে হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে, ডাকাতির ঘটনায় জড়িত দুই সন্দেহভাজন ব্যক্তি পরে পৃথক এক বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।







