আন্তর্জাতিক

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, মিলল না নিজামুদ্দিন দরগাহের

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, মিলল না নিজামুদ্দিন দরগাহের

ছবি: সংগৃহীত

ভারত সফরে গিয়ে তাজমহল পরিদর্শনের অনুমতি পেয়েছেন পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। তবে দিল্লির নিজামুদ্দিন দরগাহে যাওয়ার অনুমতি পাননি তিনি। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সভ্যতা সংলাপ সম্মেলনে যোগ দিতে বর্তমানে ভারতে রয়েছেন মুসাদ্দিক মালিক।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, তাজমহল ছাড়াও দিল্লিতে মোগল সম্রাট হুমায়ুনের সমাধি এবং দক্ষিণ দিল্লির দিল্লি হাট ঘুরে দেখতে পারবেন তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজামুদ্দিন দরগাহে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি পাকিস্তানের এই মন্ত্রীকে। সরকারি সূত্রের দাবি, এলাকাটি ঘনবসতিপূর্ণ ও জনাকীর্ণ হওয়ায় নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারত সফরের আগে তাজমহল ও নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের আগ্রহ জানিয়েছিলেন মুসাদ্দিক মালিক। এ নিয়ে কয়েক দিন ধরে ভারতীয় সংবাদমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়। কোনো কোনো প্রতিবেদনে বলা হয়েছিল, সম্মেলনের বাইরে কোথাও যাওয়ার অনুমতি পাবেন না তিনি। আবার কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল, তাজমহল দেখার অনুমতি পেলেও নিজামুদ্দিন দরগাহে যেতে পারবেন না। শনিবার ভারত সরকারের ঘোষণায় এ বিষয়ে অনিশ্চয়তা দূর হলো।

২০২৫ সালের মে মাসে পেহেলগামে হামলার পর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিভিন্ন স্থানে সামরিক অভিযান চালায় ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামে ওই অভিযানের পর মুসাদ্দিক মালিকই প্রথম পাকিস্তানি মন্ত্রী, যিনি ভারত সফর করছেন।

এর আগে ২০২৩ সালে এসসিওর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ভারত সফর করেছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

বহুপক্ষীয় জোট এসসিওর সম্মেলনে পাকিস্তানের সঙ্গে একই মঞ্চে অংশ নিতে ভারতের আপত্তি নেই। তবে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা এখনো বন্ধ রয়েছে।

বিষয়:পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক ভারত সফর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…