অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের মঞ্চে নামার আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ভালোই গা গরম করেছে ইংল্যান্ড। পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ব্যাটে-বলে জ্বলে ওঠা জশ বাটলারের দল।
ব্রিসবেনে শুরুতে ব্যাট করে এক ওভার কমে আসা ম্যাচে ১৯ ওভারে ৮ উইকেটে ১৬০ রানে যেতে পারে পাকিস্তান। জবাবে ১৪.৪ ওভারে ৪ উইকেটে ১৬৩ রানে পৌঁছে যায় ইংল্যান্ড।
সোমবার ৭ চারে শান মাসুদের ২২ বলে ৩৯, বদলি অধিনায়ক শাদাব খানের ১৪, ইফতিখার আহমেদের ২২ ও মোহাম্মদ ওয়াসিমের ৩ চার এক ছয়ে ১৬ বলে ২৬ রানের ক্যামিওতে দেড়শ পেরিয়ে যায় পাকিস্তান।
ডেভিড উইলি নেন ২টি উইকেট। স্টোকস, কারেন, জর্ডান ও লিভিংস্টোন নেন একটি করে উইকেট।
জবাবে সল্ট ১ ও হেলস ৯ রানে দ্রুত ফেরেন। ২ চার ৩ ছয়ে স্টোকসের ১৮ বলে ৩৬ রানে পথে ফেরে ইংলিশরা। এক চার ও ২ ছয়ে ১৬ বলে ২৮ করে তাতে হাওয়া দিয়ে যান লিভিংস্টোন।
হ্যারি ব্রুক ২ চার ৪ ছক্কায় ২৪ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেললে আর হালে পানি পায়নি পাকিস্তান। ব্রুকের সঙ্গী হয়ে ২ চার ৩ ছয়ে ১৪ বলে অপরাজিত ৩৩ রানে জয় সহজ করে দেন স্যাম কারেন।
মোহাম্মদ ওয়াসিম নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়ে চেষ্টা করেছেন নাসিম শাহ ও শাদাব খান।








