বাংলাদেশ

ছায়ানটে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আসামি ৩ শতাধিক

ছায়ানটে হামলা ও অগ্নিসংযোগের পর ধ্বংসপ্রাপ্ত বস্তু. Channel i News - চ্যানেল আই নিউজ

ছায়ানটে হামলা। ছবি: সংগৃহীত

ছায়ানট ভবনে ১৯ ডিসেম্বর গভীর রাতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা তিন শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

রোববার (২১ ডিসেম্বর) ধানমন্ডি থানায় এ মামলাটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি গণমাধ্যমকে বলেছেন, মামলায় তিন শতাধিক অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। কোন ব্যক্তির নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত একটার দিকে ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশের অন্যতম ঐহিত্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে ব্যাপক ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়।

হামলার পর রাত সাড়ে তিনটার দিকে ছায়ানটের ফেসবুকে দেওয়া এক ঘোষণায় ভবনটিতে পরিচালিত ‘ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের’ ক্লাসসহ সংগঠনের সব কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়।

ঘটনার পরে ক্ষতিগ্রস্ত ছায়ানট ভবন পরিদর্শন করে অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, সিসি ফুটেজ দেখে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

বিষয়:ছায়ানটে হামলা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…