১০২-এ থামলেন কিংবদন্তী, অস্কারজয়ী ইভার প্রয়াণ

অস্কারজয়ী হলিউড অভিনেত্রী ইভা মেরি সেন্ট আর নেই। মঙ্গলবার (৬ অক্টোবর) লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০২ বছর।
মৃত্যুর সময় পরিবারের সদস্য ও স্বজনেরা তার পাশে ছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রীর প্রতিনিধি জেফ স্যান্ডারসন।
সাত দশকের বেশি সময়ের অভিনয়জীবনে ইভা মেরি সেন্ট হয়ে উঠেছিলেন হলিউডের অন্যতম সম্মানিত অভিনেত্রী। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও সমান সফল ছিলেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অস্কার ও এমি অ্যাওয়ার্ড।
১৯৫৪ সালে এলিয়া কাজানের ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ইভা মেরি সেন্টের। সিনেমাটিতে মার্লন ব্র্যান্ডোর বিপরীতে এডি চরিত্রে অভিনয় করে প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি।
অনবদ্য অভিনয়ের জন্য জিতে নেন সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার। সিনেমাটি পরবর্তীতে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা কাজ হিসেবে স্বীকৃতি পায়। একই ছবিতে অভিনয়ের জন্য মার্লন ব্র্যান্ডোও সেরা অভিনেতার অস্কার জিতেছিলেন।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ইভা মেরি সেন্টকে। আলফ্রেড হিচককের বিখ্যাত ‘নর্থ বাই নর্থওয়েস্ট’ সিনেমায় ক্যারি গ্রান্টের বিপরীতে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি। সিনেমাটিতে এক রহস্যময় গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছিলেন ইভা।
হিচককের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে এক সাক্ষাৎকারে ইভা বলেছিলেন, পরিচালক তার চেহারা, চুল, মেকআপ থেকে শুরু করে জুতা, গয়না, ব্যাগ ও গ্লাভস- সবকিছুর ওপর খুঁটিনাটি নজর রাখতেন। তার ভাষায়, ‘বাইরের অবয়ব তৈরি করেই হিচকক তাকে একজন গুপ্তচরের চরিত্রটি অনুভব করতে সাহায্য করেছিলেন।’
ইভা মেরি সেন্টের উল্লেখযোগ্য কাজের তালিকায় আরও রয়েছে অটো প্রেমিঞ্জারের ‘এক্সোডাস’ যেখানে তিনি পল নিউম্যানের বিপরীতে অভিনয় করেন। ১৯৬২ সালে জন ফ্রাঙ্কেনহাইমারের ‘ অল ফল ডাউন’ সিনেমায় তাকে দেখা যায় ওয়ারেন বেটির বিপরীতে।
হলিউডে সাফল্যের শিখরে থেকেও ইভা মেরি সেন্ট একসময় পরিবারকে বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। পরিচালক জেফ্রি হেইডেনকে বিয়ে করে সংসার শুরু করেন তিনি। অস্কার জয়ের মাত্র দুই দিন পর তাদের প্রথম সন্তান ড্যারেলের জন্ম হয়। হেইডেনের সঙ্গে তার ৬৫ বছরের দাম্পত্যজীবন স্থায়ী হয়। ২০১৬ সালে হেইডেন মারা যান।
দীর্ঘ বিরতির পর ২০০৬ সালে ‘সুপারম্যান রিটার্নস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফেরেন ইভা। তখন তার বয়স ৮০ পেরিয়েছে। সিনেমাটিতে সুপারম্যানের দত্তক মা মার্থা কেন্টের চরিত্রে অভিনয় করেন তিনি।
তবে বয়স তাকে থামাতে পারেনি। নব্বইয়ের দশকেও অভিনয় চালিয়ে যান। ‘’ সিনেমায় কলিন ফারেল ও রাসেল ক্রোর সঙ্গে অভিনয় করেন। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ম্যারিটে ইন একটেসি’ সিনেমাতেও দেখা যায় তাকে।
টেলিভিশনের সঙ্গে ইভা মেরি সেন্টের সম্পর্ক ছিল আরও দীর্ঘ। ক্যারিয়ারের শুরুতে লাইভ টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। ১৯৯০ সালে ‘পিওপল লাইক আস’ মিনিসিরিজে অভিনয়ের জন্য জিতে নেন এমি অ্যাওয়ার্ড।
১৯২৪ সালের ৪ জুলাই নিউ জার্সির নিউ ইয়র্কে জন্ম ইভা মেরি সেন্টের। কোয়েকার পরিবারে বেড়ে ওঠা এই অভিনেত্রী প্রথমে শিক্ষক হওয়ার পরিকল্পনা করেছিলেন। পরে থিয়েটারের প্রতি আগ্রহ থেকে নাট্যকলায় পড়াশোনা করেন। নিউ ইয়র্কে হার্বার্ট বার্গহফ স্টুডিও ও পরে অ্যাক্টরস স্টুডিওতে অভিনয়ের প্রশিক্ষণ নেন তিনি।






