রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, শনাক্ত হওয়া একজনকে যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।
শনিবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, শনাক্ত হওয়া জড়িতদের যেকোনো সময় গ্রেপ্তার করা হবে। তদন্ত চলছে এখনই বেশি কিছু বলা যাচ্ছে না। সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।







