রাজনীতি

সব ষড়যন্ত্র-সন্ত্রাসের বিরুদ্ধে উৎসবের শক্তি সংহত হোক: ওবায়দুল কাদের

বাংলাদেশের রাজনীতিবিদ ওবায়দুল কাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদের একটি বাগানে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তোলেন, পেছনে লাল ইটের দেয়াল ও সবুজ গাছ।. Channel i News – চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে উৎসবের শক্তি সংহত হোক। সংযমের শক্তি থেকে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হই। 

তিনি বলেন: শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার যে লড়াই তা অব্যাহত গতিতে এগিয়ে যাক সব প্রকাশ্য ও অপ্রকাশ্য ষড়যন্ত্রের জাল ছিন্ন করে।

আজ বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এটি বাংলাদেশ ও মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। আর মানবতাবাদের বহ্নিশিখা জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়ে। আসুন সমাজের ধনী-গরিব, ধর্ম-বর্ণ-গোত্র, জাতি-গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিই।

ওবায়দুল কাদের বলেন, প্রিয় দেশবাসী, পানি, বিদ্যুৎ ও গ্যাসসহ জ্বালানি সংকট আজ বিশ্বব্যাপী। বাংলাদেশও এ থেকে বিচ্ছিন্ন নয়। এগুলো সাশ্রয়ের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির কাছে আহ্বান জানিয়েছেন। এ আহ্বানে সাড়া দিয়ে কৃচ্ছতা সাধনের জন্য আমি দেশবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

ঈদযাত্রা নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঈদের আগে ঘরমুখো মানুষের বাঁধভাঙ্গা জনস্রোত দেখা গেছে এবারও। অনেকেই ঈদযাত্রা নিয়ে জনদুর্ভোগের আশঙ্কা করেছিলেন। তবে সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সব সংশয় ও শঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন আমি তাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

তিনি বলেন, সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।

বিষয়:ঈদের শুভেচ্ছা ওবায়দুল কাদের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…