অন্যান্য খেলা

ক্রীড়াঙ্গনে যৌন হয়রানি প্রতিরোধে ফেডারেশনগুলোকে এনএসসি’র বার্তা

জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের ছবি, বাংলাদেশের ক্রীড়া সংস্থার কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ক্রীড়াঙ্গনে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নীতিমালা অনুসারে দেশের সক ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগামী ১৯ নভেম্বরের মধ্যে ৫ সদস্যের কমিটি গঠন করে এনএসসিতে পাঠাতে বলা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক ক্রীড়া রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০০৯ সালে ১৪ মে হাইকোর্ট বিভাগের জারি করা ‘শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত নীতিমালা, ২০০৯’ অনুযায়ী ফেডারেশনগুলোকে এমন কমিটি গঠন করতে বলেছে। পাঁচ সদস্যের কমিটির মধ্যে তিন জন অন্তত নারী হতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটির মাধ্যমে কোনো ভুক্তভোগী অভিযোগের প্রতিকার না পেলে বা অভিযোগের নিষ্পত্তিতে সন্তুষ্ট না হলে তিনি জাতীয় ক্রীড়া পরিষদের কাছেও অভিযোগ করতে পারবেন।

সম্প্রতি জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক এক ক্রিকেটার নারী দল সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। অভিযোগ খতিয়ে দেখতে বিসিবি পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এতে ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে যৌন হয়রানির অভিযোগ।

বিষয়:এনএসসি জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবি যৌন হয়রানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…