‘উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরে মানসিকতার পরিবর্তন জরুরি’

ছবি: সংগৃহীত
উচ্চশিক্ষায় কার্যকর ডিজিটাল রূপান্তর নিশ্চিত করতে হলে সবার আগে মানসিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধে পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের নবনিযুক্ত প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও নিরবচ্ছিন্ন শেখার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) কক্সবাজারের একটি হোটেলে পাঠ্যক্রম উন্নয়নবিষয়ক চার দিনব্যাপী ‘ট্রেনিং অব ট্রেইনারস (টিওটি-৪)’ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক এ প্রশিক্ষণ সম্পন্ন করেন।
অধ্যাপক রাকিবুল হক বলেন, সিনিয়র শিক্ষকদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তরুণ শিক্ষকদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে জুনিয়র শিক্ষকদেরও পরামর্শ গ্রহণ ও নতুন ধারণার প্রতি উন্মুক্ত থাকতে হবে।
প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা শুধু ট্রেইনার নন, আপনারা মেন্টর, রোল মডেল এবং পরিবর্তনের কারিগর। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান অন্য শিক্ষকদের মধ্যে ছড়িয়ে দিয়ে পাঠদান ও শিখনের মানোন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
হিট প্রকল্প পরিচালক আরও জানান, এ উদ্যোগের আওতায় ইতোমধ্যে মাস্টার ট্রেইনার ও ন্যাশনাল ট্রেইনারদের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে। এ নেটওয়ার্ককে কাজে লাগিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজার শিক্ষকের পাঠদানের দক্ষতা উন্নয়নে কাজ করবে হিট প্রকল্প।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির (ইউটিটিএ) ডিন অব একাডেমিক অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হিট প্রকল্পের ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অধ্যাপক ড. মো. আব্দুস সালাম।
এ ছাড়া বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেড অব এডুকেশন তৌফিক হাসান, অ্যাডভান্স এইচইর সিনিয়র অ্যাসোসিয়েট বেন ব্রাবন এবং মাস্টার ট্রেইনার ও প্রশিক্ষণার্থীদের প্রতিনিধিরা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) হিট প্রকল্পের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় এ প্রশিক্ষণের আয়োজন করে। জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় গত ২৪ অক্টোবর শুরু হওয়া এ প্রশিক্ষণে পাঠ্যক্রম প্রণয়ন, উন্নয়ন ও বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করেন অংশগ্রহণকারীরা। প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষকদের হাতে সনদ তুলে দেওয়া হয়।





