চলছে দেশের নৃত্যজগতের দুই পুরোধা শিবলী মোহাম্মদ আর শামীম আরা নীপার প্রতিষ্ঠান নৃত্যাঞ্চলের বছরব্যাপী রজতজয়ন্তী উদযাপন। সেই অনুষ্ঠানমালার অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো শাস্ত্রীয় নৃত্যের বিশেষ আয়োজন ‘ভরতনাট্যম সন্ধ্যা’।

নৃত্যাঞ্চলের ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এ আয়োজন শুরু হয় পুষ্পাঞ্জলি পরিবেশনার মধ্য দিয়ে। এরপর বাংলাদেশে ভরতনাট্যম নৃত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন বিশিষ্ট নৃত্যগুরু বেলায়েত হোসেন খান, আনিসুল ইসলাম হিরু ও ড. সোমা মুমতাজকে প্রদাণ করা হয় ‘নৃত্যাঞ্চল সম্মাননা ২০২৬’। এছাড়াও মূল আয়োজন নৃত্যানুষ্ঠানে ভরতনাট্যম নৃত্যের শুরু থেকে শেষ- সবগুলো বিষয়কে উপস্থাপন করা হয়।
পুষ্পাঞ্জলি নৃত্য থেকে তিল্লানা ও মঙ্গলাম- ধারাবাহিক এসব পরিবেশনা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে। অনুষ্ঠানের নৃত্য পরিচালনা করেন তরুণ মেধাবি ভরতনাট্যম শিল্পী ও নৃত্যাঞ্চলের শিক্ষক গোলাম মোস্তফা ববি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশের কিংবদন্তি নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক শামীম আরা নীপা এবং শিবলী মোহাম্মদ।
তারা জানান, রজতজয়ন্তী উদ্যাপনের সমাপনী আয়োজন হিসেবে শিশুদের ছড়াগানভিত্তিক নৃত্য প্রযোজনা ‘ছড়াছন্দে নৃত্যমালা’ মঞ্চস্থ হবে আগামী আগস্টে। শুদ্ধ নৃত্যচর্চার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে রুচি, সৃজন আর শিল্পের অনবদ্য মেলবদ্ধন তৈরি মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠবে নৃত্যাঞ্চল সংশ্লিষ্টরা।







