আন্তর্জাতিক

এবার ইউক্রেনের আকাশে রাশিয়ার বেলুন

উড়ন্ত রাশিয়ান বেলুন আকাশে, ইউক্রেনের আকাশে নজরদারি. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়ন্ত রাশিয়ান বেলুন আকাশে, ইউক্রেনের আকাশে নজরদারি ও পর্যবেক্ষণের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের বেলুন উড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ইউক্রেনের আকাশে দেখা মিলল রাশিয়ার বেলুন।

আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশে ছয়টি রুশ গুপ্তচর বেলুন উড়তে দেখা যায়।

তবে দেশটির কর্তৃপক্ষ জানায়, কিয়েভে রাশিয়ান বেলুন দেখা যাওয়ার পর বেলুনগুলোকে গুলি করে করে ভূপাতিত করা হয়েছে।

এ বিষয়ে ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত জানান, নজরদারির পাশাপাশি ইউক্রেনের বিমান হামলা প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দুর্বল করতেও বেলুনগুলো পাঠাতে পারে রুশ বাহিনী।

জানা যায়, বুধবার কিয়েভের আকাশে রুশ বেলুনের উপস্থিতি চিহ্নিত করার পরেই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সাধারণত, বোমারু বিমানের উপস্থিতি বা ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি দেখা গেলে সাইরেন বাজানো হয়।

তবে এই বিষয়ে রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, চলতি মাসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা উপকূলের কাছে একটি সন্দেহজনক বেলুনকে গুলি করে নামানো হয়েছিল। সেটি চীনের গুপ্তচর সংস্থা নজরদারির জন্য পাঠিয়েছিল বলে অভিযোগ ওঠে। বেইজিংয়ের তরফে অবশ্য নজরদারির অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। শি জিনপিং সরকার জানায়, আবহাওয়া সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা এবং বৈজ্ঞানিক কারণে বেলুনটি ব্যবহার করা হচ্ছিল। হাওয়ার গতির সঙ্গে ভারসাম্য বজায় রাখতে না পেরে সেটি আমেরিকার আকাশে ঢুকে পড়ে।

অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগে বাখমুটসহ ইউক্রেনের একাধিক গুরুত্বপূর্ণ শহর ঘিরে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। ধারণা করা হচ্ছে, মূলত ডনবাস এলাকায় নিরঙ্কুশ আধিপত্য কায়েম করতেই ভ্লাদিমির পুতিনের সেনাবাহিনীর এই সক্রিয়তা।

 

 

বিষয়:ইউক্রেন ইউক্রেন ও রাশিয়া গুপ্তচর বেলুন রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…