কদিন আগেই শোনা গিয়েছিল শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমার সাফল্যের পর এবার নতুন কাজে নামছেন দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার। যেই কাজে প্রথমবারের মত তার সঙ্গী হবেন দক্ষিণী ও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার রজনীকান্ত ও সালমান খান। তবে এবার জানা গেল অন্য তথ্য।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে জানা গেছে, রজনীকান্ত নয় বরং কমল হাসান হবেন অ্যাটলির পরবর্তী ছবিতে সালমান খানের সঙ্গী। যদিও এ ব্যাপারে চূড়ান্ত কোন ঘোষণা আসেনি। তবে এ মাসের শেষের দিকেই এই ছবির ব্যাপারে চূড়ান্ত একটি ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে জানা গিয়েছিল, আসন্ন প্রজেক্টটির জন্য বিগত দুই বছর ধরে সালমান ও রজনীকান্তের সঙ্গে যোগাযোগ করছিলেন অ্যাটলি। তবে শিডিউল না মেলায় দুই তারকাকে এক করতে পারছিলেন না অ্যাটলি। কিন্তু সেসব কে এখন গুঞ্জন বলেই দাবী করছেন পরিচালকের ঘনিষ্ঠ একটি সূত্র।
তবে সালমান ও কমল হাসানকে নিয়ে প্রজেক্ট শুরুর ব্যাপারটি যদিও সত্যিই হয় তবে এটি নিয়ে আগামী বছরের শুরুতেই কাজ শুরু করবেন অ্যাটলি কুমার। তাইতো এখন শুধু ঘোষণার অপেক্ষা। –কইমই







