গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ২৭, ২৮ ও ২৯ জুলাই কুমিল্লার বিভিন্ন এলাকায় প্রতিদিন ১২ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (২৫ জুলাই) রাতে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ সংস্থা পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এ কারণে নির্ধারিত তিন দিনে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সূচি অনুযায়ী, ২৭ জুলাই কুমিল্লা শহর ও আশপাশের এলাকায়, ২৮ জুলাই কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী ও সংলগ্ন এলাকায় এবং ২৯ জুলাই কুমিল্লা ক্যান্টনমেন্ট, চান্দিনা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে নির্ধারিত সময়ের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।







