নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘স্টার্টআপস আনপ্লাগড’ অনুষ্ঠিত, অভিজ্ঞতা তুলে ধরলেন সিদ্ধার্থ গোস্বামী

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ‘এনএসইউ স্টার্টআপস নেক্সট’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপস আনপ্লাগড’ শীর্ষক একটি আয়োজন। গত ২৩ নভেম্বর আয়োজিত এই টাউন-হল ধাঁচের আলাপচারিতায় প্রতিষ্ঠান গড়ে তোলা ও নেতৃত্ব দেওয়ার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়।
পূর্বনির্ধারিত স্ক্রিপ্ট ছাড়া এই অধিবেশনে অংশ নেন সিদ্ধার্থ গোস্বামী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন বাংলাদেশের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি (আইডিয়া) প্রকল্পে নেতৃত্ব ও সমন্বয়ের দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশজুড়ে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন উদ্যোগে যুক্ত ছিলেন। প্রাথমিক পর্যায়ের উদ্যোগ এবং জাতীয় পর্যায়ের উদ্যোক্তা কর্মসূচিতে কাজের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি অনিশ্চয়তা মোকাবিলা, কঠিন সিদ্ধান্ত গ্রহণ এবং একটি উদ্যোগ গড়ে তোলার চ্যালেঞ্জের মধ্যে গতি ধরে রাখার বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেন।
টাউন-হল ফরম্যাটে আয়োজিত এই সেশনে মুক্ত আলোচনার সুযোগ ছিল। প্রতিষ্ঠাতারা সক্রিয়ভাবে প্রশ্ন করেন এবং স্টার্টআপ কৌশল, সম্পদ ব্যবস্থাপনা থেকে শুরু করে বাংলাদেশের ক্রমবর্ধমান উদ্যোক্তা বাস্তুতন্ত্রে ব্যবসা সম্প্রসারণের বাস্তবতা—এমন নানা বিষয়ে মতবিনিময় করেন। অংশগ্রহণকারীরা সেশনটিকে বাস্তব অভিজ্ঞতানির্ভর ও স্পষ্টবাদী বলে উল্লেখ করেন, যেখানে পাঠ্যবইয়ের কাঠামোর বাইরে গিয়ে নানা শিক্ষা উঠে এসেছে বলে জানান তারা।
একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। এ পর্বে অংশগ্রহণকারীরা নিজ নিজ উদ্যোগ নিয়ে সরাসরি পরামর্শ নেওয়ার পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠাতার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পান। আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা কমিউনিটিতে উন্মুক্ত শিক্ষা ও পারস্পরিক মেন্টরশিপের সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে এনএসইউ স্টার্টআপস নেক্সটের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে এই আয়োজনে।






