প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে শিক্ষা সনদের পরিবর্তে পাসপোর্ট, ওয়ারিশ সনদসহ বিভিন্ন নথি গ্রহণের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। শিক্ষা সনদ না থাকলেও প্রবাসীদের এনআইডি সংশোধনের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। সিদ্ধান্ত হলে এ বিষয়ে বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধন করা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেকে অল্প বয়সে পাসপোর্ট করে জীবিকার প্রয়োজনে বিদেশে যান। পরে প্রাপ্তবয়স্ক হওয়ার পর পাসপোর্ট নবায়ন করতে গিয়ে বয়স ও অন্যান্য তথ্যের অসঙ্গতিতে সমস্যায় পড়েন। এ কারণে পাসপোর্টকে ভিত্তি ধরে প্রবাসীদের এনআইডি সংশোধনের আবেদন বিবেচনার পরিকল্পনা করা হচ্ছে।
জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে ওয়ারিশ সনদও গ্রহণ করা হতে পারে। তবে ওই সনদে পরিবারের সদস্যদের এনআইডি নম্বর থাকতে হবে। পরিবারের সদস্যদের এনআইডি না থাকলে শিক্ষা সনদকে প্রাধান্য দেওয়া হবে।
পাসপোর্টের পাশাপাশি বিদেশের চাকরির পরিচয়পত্র, রেসিডেন্স কার্ড, বিএমইটি কার্ড, ভিসার কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্সের মতো নথিও বিবেচনায় নেওয়ার কথা ভাবছে ইসি। আবেদনকারী প্রকৃত প্রবাসী কি না, তা নিশ্চিত করতে পাসপোর্টের ভিসা সিল ও ইমিগ্রেশনসংক্রান্ত তথ্যও যাচাই করা হবে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘এনআইডি সেবা সহজ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইতোমধ্যে কাজের গতি বেড়েছে। সেবাগ্রহীতারা এর সুফল পাচ্ছেন। সামনে আরও পাবেন।’
বর্তমানে ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকা রয়েছে।
এ ছাড়া সুইডেন, বাহরাইন, সিঙ্গাপুর, নরওয়ে ও ফিনল্যান্ডে নতুন করে এ কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে ইসি।










