প্রথম ওভারে ছক্কা মেরে রেকর্ডে ক্রাউলি

ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান বলের দিকে ড্রাইভ শট খেলছে, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News – চ্যানেল আই নিউজ
ক্রিকেটের অভিজাত ও দীর্ঘ সংস্করণ টেস্টে প্রথম ওভারে সাধারণত ব্যাটাররা দেখেশুনেই ব্যাট চালান। যে কারণে টেস্টে প্রথম ওভারে কেবল একবার ছক্কা হাঁকানোর নজির ছিল। দ্বিতীয় ঘটনার সাক্ষীও হল ওয়েলিংটনে ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুক্রবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। প্রথম ইনিংসে ব্যাটে নেমে ৫৪.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ২৬ ওভারে ৮৬ রান তুলতে ৫ উইকেট হারিয়ে প্রথমদিন শেষ করেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে দুদল মিলিয়ে প্রথমদিনে হারিয়েছে ১৫ উইকেট।
এই ম্যাচের প্রথম ওভারে ছয় হাঁকিয়ে বিরল রেকর্ড গড়েছেন ইংলিশ ওপেনার জ্যাক ক্রাউলি। টেস্টের ইতিহাসে এমন কীর্তি দ্বিতীয়বার দেখা গেলেও, কোনো পেসারের বলে ক্রাউলিই প্রথম এ রেকর্ড গড়লেন।
কিউই পেসার টিম সাউদির প্রথম ওভারে শুরুর দুই বলে ২ রান করে নেন ক্রাউলি। পরের তিন বল ডট দিয়ে সাউদির ষষ্ঠ ডেলিভারিতে লংঅফ দিয়ে উড়িয়ে মারেন ইংলিশ ওপেনার ক্রাউলি। শেষপর্যন্ত ২৩ বলে ১৭ রানে থামেন তিনি।
এর আগে টেস্টের প্রথম ওভারে ছয় মারার একমাত্র রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইলের। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে ছিল প্রথম, রেকর্ডটি তিনি গড়েন স্পিনারের বলে। বাংলাদেশের বিপক্ষে ২০১২ সালে মিরপুর টেস্টে সোহাগ গাজীর প্রথম ওভারে ছয় হাঁকান গেইল। সেই ম্যাচে টাইগার স্পিনার-অলরাউন্ডারের অভিষেক হয়েছিল। ওই ওভারে দুই ছয়সহ ১৪ রান করেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি। ২৪ রান করে সোহাগ গাজীর বলেই আউট হয়েছিলেন গেইল।






