জার্নি, সম্পর্ক ও ট্র্যাজেডির গল্পে আরিয়ানের ওয়েব ফিল্ম
'ফ্লাইট ২২৭'-এ বিমান দুর্ঘটনা ও ট্র্যাজেডি উঠে আসছে? কী বলেন নির্মাতা?

আরিয়ানের ওয়েব ফিল্মের ট্রেলার লঞ্চের সময়ের ছবি, যেখানে তিনি একটি পাঞ্জাবি পরা অবস্থায় রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
‘নেটওয়ার্কের বাইরে’ এবং ‘উনিশ ২০’-এর পর নতুন ওয়েব ফিল্ম আনছেন মিজানুর রহমান আরিয়ান। তার নতুন এই ওয়েব ফিল্মটির বিষয়বস্তু জার্নি, সম্পর্ক ও ট্র্যাজেডি! এমনটাই আভাস মিলেছে ‘ফ্লাইট ২২৭’ নামে মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত একটি পোস্টারে।
যেখানে দেখা যাচ্ছে, আকাশ থেকে একটি বিমান বিধ্বস্ত হয়ে মাটিতে। যা দাউদাউ করে পুড়ছে! প্রকাশিত পোস্টারটি দেখেই ধারণা করা যাচ্ছে, এটি হতে যাচ্ছে কোনো বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ওয়েব ফিল্ম। আরিয়ান তার ফেসবুকে পোস্ট করলে অনেকেই ধারণা করছেন, এটি বিমান দুর্ঘটনাকে ঘিরে নির্মিত।
দুর্দান্ত এবং একেবারে নতুন এই কনসেপ্টে কনটেন্ট নির্মাণ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীদের বাহবা পাচ্ছেন জনপ্রিয় এই নির্মাতা।
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান চ্যানেল আই অনলাইনকে বলেন, এটি শুধু একটি গল্পকে কেন্দ্র করে নয়, এখানে প্রেম বন্ধুত্ব সম্পর্ক ভালোবাসা অনেকগুলো গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এর মধ্যে জার্নি ও ট্র্যাজেডি আছে। গত দুই বছর ধরে এই গল্প নিয়ে কাজ করেছি। সবকিছু গুছিয়ে উঠতে একটু সময় লাগলো।
শিগগির বঙ্গ অ্যাপে ‘ফ্লাইট ২২৭’ মুক্তি পাবে এবং কারা অভিনয় করেছেন সেগুলো অফিশিয়ালি ঘোষণা করা হবে। এর বেশী কিছুই জানাতে চান না মিজানুর রহমান আরিয়ান।
বঙ্গ’র চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, গল্পের পাশাপাশি আরিয়ান পছন্দের নির্মাতা। বঙ্গের ‘২২ শে এপ্রিল’ কনটেন্টটি তার বানানো। পরিমিত বাজেটে সে তার বেস্ট কাজটি উপহার দেয়। ‘ফ্লাইট ২২৭’-এ আরিয়ান যে গল্পটি বলতে চেয়েছে আমাদের বিশ্বাস সেটি করতে পারবে এবং গল্পটি সবাইকে স্পর্শ করবে।






