নতুন গান নিয়ে এলেন নব্বইয়ের অন্যতম আলোচিত ব্যান্ড তারকা বিপ্লব। দেশ নিয়ে গাওয়া বিপ্লবের এই গানের শিরোনাম ‘সেভ বাংলাদেশ’। সম্প্রতি নিজের ফেসবুক পেজে গানটি প্রকাশ করেছেন তিনি।
গেল মাসেও নতুন একটি গান প্রকাশ করেছিলেন ব্যান্ড প্রমিথিউসের বিপ্লব। জুলাইয়ে প্রকাশিত গানটি তিনি কবি রেজাউদ্দিন স্টালিনের কবিতা ‘এভাবে দিন অন্ধের মতো চলতে পারে না’-কে গানে রূপান্তর করেন।
তবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন গান ‘সেভ বাংলাদেশ’ গানটি প্রচুর মানুষ শুনছেন। জাভেদ আহমেদ কিসলু গানটির কথা ও সুর করেছেন। তিনি বলেন, বিপ্লব ভাইয়ের কণ্ঠে গানটি দারুণ মানিয়েছে। লেখা ও সুর করার সময়ই তার কথা ভেবেছিলাম। বিপ্লব ভাই নিউ ইয়র্কে থাকেন। সেখানেই তিনি গানটি রেকর্ড করেছেন।
নব্বই দশকে জেমস, বাচ্চু, হাসানদের সাথে বিপ্লব নামটিও ছিলো সবার পরিচিত। ব্যান্ড, মিক্সড, একক অ্যালবাম, স্টেজ শো দিয়ে দেশ মাতিয়েছেন এক সময়। ন না ণ, অংক, চান্দের বাতি, হৃদয়হীনা, রুখসানাসহ বহু শ্রোতাপ্রিয় গানের শিল্পী ছিলেন তিনি। বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে বাস করেন বিপ্লব।








