মিয়ানমারের জোড়া ভূমিকম্পের রেশ পড়েছে ৯০০ কিলোমিটার দূরে থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংককেও। ভয়াবহ এই ভূমিকম্পের সময় ব্যাংককের পুলিশ জেনারেল হাসপাতালের বাইরের রাস্তায় জন্ম হয়েছে এক শিশুর।
শনিবার (২৯ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভূমিকম্পের সময় অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশুর জন্ম হয়।
হাসপাতালের মুখপাত্র পুলিশ কর্নেল সিরিকুল শ্রীসাঙ্গার সূত্রে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভূমিকম্পের সময় এক নারীর অস্ত্রোপচার চলছিল। তবে একটা পর্যায়ে ওই অবস্থায় রোগীসহ ডাক্তারদের হাসপাতাল থেকে সরিয়ে নিতে বাধ্য করা হয়।
শ্রীসাঙ্গা বলেন, মেডিকেল টিম রোগীকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যায়। পরে হাসপাতালের বাইরে রাস্তার মাঝে স্বাস্থ্যসেবা কর্মীদের দ্বারা বেষ্টিত হয়ে একটি ছেলে সন্তানের জন্ম দেয়।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যাচ্ছে, ওই নারী স্ট্রেচারে শুয়ে আছেন এবং হাসপাতালের কর্মীরা খোলা আকাশের নিচে তার প্রসবের সাথে সহায়তা করছেন। এছাড়াও হাসপাতালের অন্যান্য রোগীদের অসংখ্য স্ট্রেচার খোলা আকাশের নিচে দেখা যায়। যেখানে ডাক্তাররা তাদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
পুলিশ লেফটেন্যান্ট কর্নেল জিরামরিত বলেন, ভূমিকম্পের সময় নারী অস্ত্রোপচারের মাঝখানে ছিলেন। পেটের অসস্ত্রোপাচারের মাঝপথে একটি ভূমিকম্প হয়েছিল। পরে সার্জিক্যাল টিম রোগীকে স্থিতিশীল করার এবং তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, রোগী এবং শিশুটি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। তারা হাসপাতালের একটি কক্ষে সুস্থ হয়ে উঠছেন বলেও জানান তিনি।










