বিদেশে বাংলাদেশ মিশনে এমপিদের সফর ও সভা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

বিদেশে বাংলাদেশি মিশনে সংসদ সদস্যদের সফর, সভা বা অনুষ্ঠান আয়োজনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এখন থেকে বিদেশে সফররত কোনো সংসদ সদস্য বাংলাদেশ মিশন বা চ্যান্সেরি ব্যবহারের অনুরোধ করলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. নুরুল ইসলাম বিদেশে বাংলাদেশের সব মিশনের প্রধানকে পাঠানো এক ‘গোপনীয় বার্তা’য় এ নির্দেশনা দেন।
বার্তায় বলা হয়েছে, সংসদ সদস্যরা বিভিন্ন সময় বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তারা মিশনের চ্যান্সেরিতে বৈঠক করার পাশাপাশি স্বাগতিক সরকারের কর্মকর্তা বা বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সভা ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য মিশন ব্যবহারের অনুরোধ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে এ ধরনের সব অনুরোধ মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হবে। কোনো সংসদ সদস্য সরাসরি বিদেশি মিশনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করলে বিষয়টি তাকে বা সংশ্লিষ্ট সংসদ সদস্যদের জানিয়ে দিতে বলা হয়েছে।
চিঠিতে বিদেশে বাংলাদেশের সব মিশনের প্রধানকে এ সিদ্ধান্ত অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। সংসদ সদস্যদের সফরকালে তাদের জন্য কোনো কর্মসূচি আয়োজনের আগে মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
২৭ সেপ্টেম্বর জারি করা ওই বার্তাটিতে বিদেশে বাংলাদেশের সব মিশনকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।






