লেবাননের সশস্ত্রবাহিনী হিজবুল্লাহ যদি হামাস-ইসরায়েলের যুদ্ধের মধ্যে নতুন কোন পরিস্থিতি তৈরির চেষ্টা করে তাহলে বৈরুত ও দক্ষিণ লেবানন অঞ্চলে গাজা ও খান ইউনিসের মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
এনডিটিভি জানিয়েছে, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর পরিদর্শনের সময় লেবাননের রাজধানী শহর বৈরুতকে এই সতর্কতা প্রদান করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, যদি হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেয়, তবে তারা নিজের হাতে বৈরুতসহ দক্ষিণ লেবাননকে গাজা এবং খান ইউনিসে পরিণত করবে যা এখান থেকে খুব বেশি দূরে নয়।
উল্লেখ্য, হামাস ও ইসরায়েলের অস্থায়ী যুদ্ধবিরতি শেষে লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের তীব্রতা বেড়েছে। নেতানিয়াহুর এই হুমকির আগে লেবানন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই দেশের উত্তর সীমান্তের একটি শহরে একজন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে এসেছে তা চিহ্নিত করে সেখানে গোলাবর্ষণ করা হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে লেবানন সীমান্তে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে লেবাননের হিজবুল্লাহ বাহিনী। হামাসের মিত্র হিসেবে পরিচিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের বেশ কয়েক দফা হামলা-পাল্টা হামলার ঘটনাও ঘটেছে। আশঙ্কা রয়েছে, সংঘাতের আরেকটি ক্ষেত্রে পরিণত হতে পারে অঞ্চলটি।







