ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুতে আজ শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাসও তাদের পতাকা অর্ধনমিত রেখেছে।
গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিবৃতিতে এই শোক পালনের ঘোষণা দেওয়া হয়।
সেদিন বিবৃতিতে বলা হয়, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে। বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রতিক্রিয়ায় গাজায় পাল্টা হামলা শুরু করে দেশটি। এতে নিহত হন শিশুসহ কয়েক হাজার ফিলিস্তিনি নাগরিক। সম্প্রতি সেখানকার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০০ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
এর আগে শুক্রবার বাদ জুমা ফিলিস্তিনে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।








