ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে এবং আচরণবিধি ভঙ্গ করা হচ্ছে এমন অভিযোগ করেছেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এনসিপির ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং নির্বাচনী মাঠে পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানো হচ্ছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে। তবে তার দাবি, মানুষ এসব মিথ্যা ও প্রলোভনে বিশ্বাস করছে না।
সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ১২ ফেব্রুয়ারি যা করণীয়, তাই করা হবে জানিয়ে তিনি বলেন, মানুষ ভোটকেন্দ্র পাহারা দেবে। ফলাফল নিয়ে কেউ যেতে পারবে না।
গণসংযোগ শেষে তিনি জানান, নির্বাচনের দিন ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই অনিয়ম প্রতিরোধ করা হবে এবং জনগণের রায় সুরক্ষিত রাখা হবে।








