আঙুলে চোট পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে চার দিনের প্রথম ম্যাচের ফাঁকে অনুশীলন করতে গিয়ে আঙুলে ব্যথা পান টাইগার তারকা। যে কারণে ‘এ’ দলের দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামতে পারেননি। তবে পাকিস্তানের বিপক্ষে আগামী ২১ আগস্ট শুরু হতে চলা প্রথম টেস্টের আগেই চোট সেরে উঠবেন বলে আশা এই ক্রিকেটারের।
শনিবার এক ভিডিও বার্তায় মুশফিকুর রহিম নিজেই জানিয়েছেন আঙুলে চোট পাওয়ার কথা। বলেছেন, ‘দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি আঙুলে ব্যথা পেয়েছিলাম। তাই ব্যাটিং করিনি। আশা করি, দ্রুতই সেরে উঠব এবং প্রথম টেস্ট খেলব।’
পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে চারদিনের প্রথম ম্যাচে ভালো করেনি বাংলাদেশ। বৃষ্টির বাধা ও আলোক সল্পতার কারণে ম্যাচটি শেষ পর্যন্ত ড্র করেছে বাংলাদেশ। ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে লাগার মত। এর জন্য অবশ্য অনুশীলন করতে না পারাটাকে দায় দিচ্ছেন মুশফিক।
‘কয়েক দিন ভারী বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা ঠিকমত অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েক দিনে শুধু একটি নেট সেশন হয়েছিল। এটিও কার্যকর নয়। তবে মাঠে আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি। প্রথম ইনিংসে আমাদের পক্ষে ছিল না।’
ম্যাচের ফলাফল পক্ষে না আসলেও পাকিস্তান ‘এ’ দলের কাছে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা শিখতে পেরেছেন বলে মন্তব্য করেছেন মুশফিক। বলেছেন, ‘ম্যাচটা যদিও আমাদের পক্ষে আসেনি। আবহাওয়াও কিছুটা বাধা হয়ে দাড়িয়েছে। পাকিস্তান শাহিনস অনেক ভালো খেলেছে। বিশেষ করে উমার অসাধারণ খেলেছেন। বোলাররাও- নাসিম , মোহাম্মদ আলী, মীর হামজাও ভালো বোলিং করেছেন। আমাদের ‘এ’ দলে বেশ কয়েকজন তরুণ ছেলে আছে। আমি নিশ্চিত তারা এটি থেকে অনেক শিখতে পেরেছে।’
‘এ’ দলের অংশ হয়ে নেয়া অভিজ্ঞতা পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে কাজে দিবে বলছেন উইকেটরক্ষক ব্যাটার। ‘সামনে আমাদের কয়েকটি টেস্ট ম্যাচ আছে। এই স্কোয়াড থেকে যারা ওই দলে যোগ দেবে, নিশ্চিতভাবেই এটি সাহায্য করবে। কারণ অন্যরা আসার আগেই আমরা এখানে এসে কিছু অনুশীলন সেশন করতে চেয়েছিলাম। আশা করি, এটি আমাদের জন্য কাজে দিবে।’







