মাগুরা শহরের স্টেডিয়াম গেট এলাকার একটি মাদ্রাসা ও এতিমখানা মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) নামে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইব্রাহিম মাগুরা সদরের বড়শোলই গ্রামের শুকুর সর্দারের ছেলে। তিনি মাগুরা শহরের নান্দুয়ালী মধ্যপাড়া কাজীবাড়ি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
পুলিশ জানায়, তিনি তাবলিগ জামাতের সফরে অংশ নিয়ে হিসেবে শহরের স্টেডিয়াম গেট আদর্শপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদে অবস্থান করছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় গরম থেকে কিছুটা স্বস্তি পেতে তিনি মসজিদের ছাদে ওঠেন। এ সময় ছাদের পাশ ঘেঁষে থাকা বিদ্যুতের মেইন লাইনে বিদ্যুৎ সরবরাহ চালু হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার সঙ্গে থাকা তাবলিগের সাথীরা তাকে দ্রুত উদ্ধার করে মাগুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে রয়েছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।








