ইউএস ওপেনে গতবছর ক্যারোলিনা মুচোভার কাছে সরাসরি সেটে হেরেছিলেন নাওমি ওসাকা। এবার অস্ট্রেলিয়ান ওপেনে মুচোভার বিপক্ষে জয় তুলেছেন জাপানি তারকা। চেক রিপাবলিক তারকাকে হারিয়ে প্রতিশোধই নিয়েছেন, বলছেন ২৭ বর্ষী ওসাকা।
মেলবোর্নে বুধবার ২৮ বর্ষী মুচোভার কাছে এক সেটে হেরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১-৬, ৬-১, ৬-৩ গেমে জেতেন ওসাকা। গতবছর মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরে প্রথম কোনো গ্র্যান্ড স্লামের তৃতীয় রাউন্ডে উঠেছেন।
ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশ্যে ২০২১ অস্ট্রেলিয়ান ওপেন জয়ী কিছুটা মজার ছলে বলেছেন, ‘সেরা ছন্দে থাকা অবস্থায় ইউএস ওপেনে সে (মুচোভা) আমাকে চূর্ণবিচূর্ণ করেছিল। সেসময় খুব রেগে গিয়েছিলাম। এটি ছিল আমার ছোট্ট একটি প্রতিশোধ। এটা খারাপ জিনিস নয়, বন্ধুরা, প্রতিশোধ প্রতিযোগিতামূলক। সে সবচেয়ে কঠিন প্রতিপক্ষদের একজন।’







