রাজধানীতে আজ সকাল থেকেই ঘন কুয়াশা দেখা গেছে। এই কুয়াশা ঝিরঝির বৃষ্টির মতো অনুভূত হচ্ছে। অনেকটাই গরম আবহাওয়ার পরে আবার ঠান্ডার ফলে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছেন স্থানীয়রা।
আজ (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার কুয়াশায় ঢেকে গেছে রাজধানী ঢাকা শহর। শীতকালীন মৌসুমে এমন কুয়াশা স্বাভাবিক হলেও এবারের কুয়াশার ঘনত্ব তুলনামূলকভাবে বেশি। এতে করে সূর্যের আলো পুরোপুরি ভেদ করতে পারছে না, ফলে দিনের বেলায়ও আলো-আঁধার মতো অবস্থা বিরাজ করছে।
রাস্তাঘাটে চলাচলের সময় দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে সকালের দিকে যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে। পথচারীদেরও সতর্কতার সাথে চলাফেরা করতে দেখা গেছে।
ঢাকার বাইরেও দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পরিলক্ষিত হচ্ছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।








