সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। শুক্রবার মিরপুরে প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ গড়াবে মাঠে। আসন্ন সিরিজ নিয়ে নিজের পরিকল্পনা ও ভাবনার কথা জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। কন্ডিশন এবং প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সকাল ১১টায় গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচের ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। তার আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন কিউই অধিনায়ক।
ল্যাথাম জানান, অনেক কিউই খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকলেও এটি নতুনদের জন্য নিজেদের প্রমাণের বড় সুযোগ। বলেছেন, ‘বর্তমানে একই সাথে বিভিন্ন লিগ চলায় আন্তর্জাতিক ক্রিকেটের সাথে কিছুটা সংঘাত হচ্ছে ঠিকই, তবে এর ফলে আমাদের দলের শক্তি বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে। নতুনরা বাংলাদেশের মতো কন্ডিশনে যত বেশি খেলবে, দীর্ঘ মেয়াদে নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য ততই মঙ্গল।’
বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম এবং বোলিং আক্রমণ নিয়ে বেশ সতর্ক ল্যাথাম। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পেসারদের দাপুটে পারফরম্যান্স তার নজর কেড়েছে। বলেছেন, ‘তাসকিন, মোস্তাফিজ এবং নাহিদ রানাদের নিয়ে গড়া বাংলাদেশের পেস ইউনিট বেশ অভিজ্ঞ। নাহিদ রানা গত কয়েক মৌসুমে দারুণভাবে নিজেকে চিনিয়েছেন।’
ল্যাথাম আরও যোগ করেন, তিনি আগে স্পিন নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন। তবে এখন তারা পেস ও স্পিন-উভয় বিভাগ সামলাতেই মানসিকভাবে প্রস্তুত। তার মতে, বাংলাদেশ এই কন্ডিশনে একটি অত্যন্ত মানসম্পন্ন দল।
বৈশাখে ঢাকার তীব্র গরম ও তাপপ্রবাহ কিউইদের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। নিউজিল্যান্ডের কন্ডিশনের সম্পূর্ণ বিপরীত এই পরিবেশে মানিয়ে নিতে বাড়তি সতর্ক সফরকারীরা।
ল্যাথাম বলেন, ‘নিউজিল্যান্ডের চেয়ে এখানকার কন্ডিশন সম্পূর্ণ ভিন্ন। আমরা যথাসম্ভব সতেজ থাকার চেষ্টা করছি এবং মাঠের ১০০ ওভারের জন্য নিজেদের শক্তি জমিয়ে রাখছি। গরমে হয়তো আমাদের স্বাভাবিকের চেয়ে বেশি ড্রিঙ্কস ব্রেক নিতে হতে পারে।’
ব্ল্যাক ক্যাপস অধিনায়ক স্পষ্ট করে দিয়েছেন, তাদের মূল লক্ষ্য সিরিজ জয়। যদিও বাংলাদেশ দলের উন্নতির প্রশংসা করে তিনি বলেন, ‘তারা পাকিস্তানের বিপক্ষে দারুণ সিরিজ জয় করে এসেছে, তাই তারা নিশ্চিতভাবেই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে এবং আমরা সেই লড়াইয়ের অপেক্ষায় আছি।’







