২০২৫ সালের সরকারি হজ প্যাকেজের অব্যয়িত অর্থ ইএফটি/বিইএফটিএন এর মাধ্যমে হাজীদের ব্যাংক একাউন্টে ফেরত দেয়ার বিষয়ে সতর্ক করেছে ধর্ম মন্ত্রনালয়।
বুধবার (১৬ জুলাই) ধর্ম মন্ত্রণালয়য়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০২৫ সালের সরকারি হজ প্যাকেজের অব্যয়িত অর্থ ইএফটি/বিইএফটিএনের মাধ্যমে হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হচ্ছে। এ টাকা পেতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট বা ডেবিট কার্ড, নগদ বা বিকাশের কোনো তথ্য কাউকে দেবেন না।”
এর আগে রোববার (১৩ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, এ বছর হজ প্যাকেজে বাড়ি ভাড়ার জন্য যে বাজেট ধার্য করা হয়েছিল তার চেয়ে কিছুটা কম বাজেটে বাড়ি ভাড়া পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে সার্ভিস চার্জও কিছুটা কম ছিল। এর ফলে প্যাকেজের কিছু টাকা অব্যয়িত রয়েছে। এই টাকা সরকারি মাধ্যমে প্রত্যেক হাজিকে ফেরত দেওয়া হবে বলে জানান তিনি।
উপদেষ্টা বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ করা ৫ হাজার হাজির মধ্যে ৪ হাজার ৯৭৮ জন হাজিকে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে। একজন হাজি কমপক্ষে ৫ হাজার ৩১৫ টাকা ফেরত পাবেন। সর্বোচ্চ ফেরত পাবেন ৫৩ হাজার ৬২৪ টাকা।








