তথ্যপ্রযুক্তি

টুইটারকে প্রতিযোগিতায় ফেলতে মেটা’র নতুন অ্যাপ

মেটা'র নতুন অ্যাপের স্ক্রিনশট, যেখানে ফলো, শেয়ার ও পয়েন্ট অব ভিউ দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেটা’র নতুন অ্যাপের স্ক্রিনশটে ফলো, শেয়ার ও পয়েন্ট অব ভিউ অপশন দেখানো হয়েছে, যা টুইটার প্রতিযোগিতায় নতুন সুবিধা প্রদান করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ টুইটারের সাথে প্রতিযোগিতায় নামতে নতুন অ্যাপ চালু করছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মার্ক জুকারবার্গের মেটা।

বিবিসি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (৬ জুলাই) একটি লাইভে নতুন অ্যাপটি চালু করতে যাচ্ছে মেটা। টুইটারের প্রতিদ্বন্দ্বিতাকারী মেটার নতুন অ্যাপটির নাম ‘থ্রেডস’। ইতিমধ্যেই অ্যাপল অ্যাপ স্টোরে প্রি-অর্ডার করা যাচ্ছে আ্যপটি।

মেটার নতুন আ্যপ থ্রেডস এর ফিড দেখতে অনেকটা টুইটারের মতো। মেটা একে টেক্সট ভিত্তিক কথোপকথন অ্যাপ হিসেবে বর্ণনা করেছে। মেটার এই পদক্ষেপকে মার্ক জুকারবার্গ এবং ইলন মাস্কের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সর্বশেষ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

গত শনিবার, ডেটা স্ক্র্যাপিং এর বিষয়টি উল্লেখ করে ব্যবহারকারীদের দেখতে পাওয়া টুইটের সংখ্যা সীমাবদ্ধ করেছে টুইটার। অপর দিকে ব্যবহারকারী কতগুলো পোস্ট দেখতে পারবে তার ওপর কোনো সীমাবদ্ধতা থাকবে না থ্রেডস অ্যাপে। তাই থ্রেডস আ্যপ শুরু থেকেই বেশ চ্যালেঞ্জিং টুইটারের জন্য।

মেটার এই নতুন অ্যাপের বিষয়টি টুইটারের মালিক ইলন মাস্কের নজরে এসেছে। তিনি রি-টুইট করে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

অ্যাপ স্টোরের বিবরণে বলা হয়েছে, প্রতিদিনের পছন্দের বিষয়গুলো থেকে শুরু করে আগামীকাল কী ট্রেন্ডিং হবে, সব কিছু নিয়ে আলোচনা করা যাবে থ্রেডসে। এটি মেটার অ্যাপ হওয়ায় এটি ব্যবহারকারীর ফোনের অবস্থান, কেনাকাটা এবং ব্রাউজিং ইতিহাস ইত্যাদি ডেটা সংরক্ষণ করবে৷

এর আগে টুইটারের সাদৃশ্য বহনকারী বেশ কয়েকটি অ্যাপ তৈরি হলেও টুইটারকে টেক্কা দিতে পারেনি কেউ। তবে মেটার পূর্ব অভিজ্ঞতার কারণে থ্রেডসকে এই প্রতিযোগিতায় এগিয়ে রাখা হচ্ছে।

বিষয়:ইনস্টাগ্রাম টুইটার থ্রেডস ফেসবুক মেটা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…