ফুটবল

‘যদি পাঁচটি মনুমেন্টাল স্টেডিয়ামও থাকত, সবগুলো পূর্ণ হয়ে যেত’- কেন বললেন স্কালোনি

‘যদি পাঁচটি মনুমেন্টাল স্টেডিয়ামও থাকত, সবগুলো পূর্ণ হয়ে যেত’- কেন বললেন স্কালোনি

লিওনেল মেসির বিদায় ঘিরে আর্জেন্টিনাজুড়ে যে আবেগ তৈরি হয়েছে, তার আঁচ পাওয়া যাচ্ছে বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামেও। ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে বুধবার বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি হতে যাচ্ছে জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ। কিংবদন্তিকে শেষবারের মতো দেশের জার্সিতে মাঠে দেখতে মুখিয়ে আর্জেন্টাইন সমর্থকেরা। একটি স্টেডিয়ামও যেন যথেষ্ট নয় এই আবেগ সামলানোর জন্য-এমনটাই মনে করছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের জয়ের পর মেসির বিদায় নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, ‘যদি পাঁচটি মনুমেন্টাল স্টেডিয়ামও থাকত, সবগুলো পূর্ণ হয়ে যেত। আমি সব জায়গা থেকে বার্তা পেয়েছি। হাহা। আমার মনে হয়, সবকিছু বলা হয়ে গেছে। এখন শুধু উপভোগ করার পালা।’

২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে ইতিহাস লিখেছেন মেসি। বিশ্বকাপ ও কোপা আমেরিকাসহ একাধিক শিরোপায় নিজের নাম জড়িয়ে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে কিংবদন্তির মর্যাদা পেয়েছেন তিনি।

তাই মেসির শেষ ম্যাচকে ঘিরে এমন উন্মাদনা অস্বাভাবিক নয় বলেই মনে করছেন স্কালোনি। তার মতে, বিদায়ের মুহূর্তটি শুধু মেসির জন্য নয়, আর্জেন্টিনার সমর্থকদের জন্যও হবে বিশেষ এক স্মৃতি। বলেছেন, ‘আমরা সবসময় যে নস্টালজিয়ার কথা বলি, সে যখন থাকবে না, তখন সেটা অনুভব হবে। এখন সে আর এখানে থাকবে না।’

মেসির শেষ ম্যাচের আবেগঘন মুহূর্তটির সাক্ষী হতে পারাকে নিজের জন্যও বিশেষ সৌভাগ্য হিসেবে দেখছেন স্কালোনি। তিনি বলেন, ‘আমি মনে করি সবাই আবেগপ্রবণ থাকবে। মেসিও থাকবে। সে যেদিন মনুমেন্টালের মাঠে পা রাখবে, সেদিনটি সবার জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। তার এই দিনের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। তার সঙ্গে আমাদের আরও দুটি অনুশীলন সেশন আছে। যতটুকু সময় বাকি আছে, আমরা তা উপভোগ করব।’

বেনিনের বিপক্ষে ম্যাচটি মেসির ক্যারিয়ারের ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ হবে। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন এলএমটেন। স্কালোনি মতে, জাতীয় দলের হয়ে সবসময় নিজেকে উজাড় করে দেওয়ার মানসিকতাই মেসির সবচেয়ে বড় পরিচয়।

বলেছেন, ‘তার পরিচয় হলো সবসময় সেখানে থাকার অদম্য ইচ্ছা। সে সবসময় সবার আগে আসত এবং সবার শেষে বের হতো। নিজের যত্ন নেওয়ার ধরন, প্রতিটি ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার পদ্ধতি-এসব অনেকের চোখে পড়ে না। কিন্তু তার সতীর্থরা এগুলো দেখেছে। এর চেয়ে ভালো উদাহরণ আর হতে পারে না। সে এমন কিছু রেখে যাচ্ছে, যার কোনো বিকল্প নেই।’

মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দল থেমে থাকবে না, সেটিও স্পষ্ট করেছেন স্কালোনি। তবে মেসির উপস্থিতির শূন্যতা পূরণ করা যে সহজ হবে না, সেটিও স্বীকার করেছেন তিনি। বলেছেন, ‘আমাদের খেলতে হবে, দলও চলবে। কিন্তু মাঠে তাকে থাকার যে অনুভূতি, তা অনন্য। মাঠে সে যে অনুভূতি ছড়িয়ে দেয়, অন্য কারও মধ্যে আমি কখনো এমন কিছু দেখিনি। আমরা সেটাই সবচেয়ে বেশি মিস করব। তবে আর্জেন্টিনা জাতীয় দল চলতে থাকবে।’

বিষয়:আর্জেন্টিনা বেনিন মনুমেন্টাল স্টেডিয়াম মেসি স্কালোনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…