ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার পর মেজর লিগ সকারে এখনও নামা হয়নি লিওনেল মেসির। ক্লাবটির হয়ে আট ম্যাচ খেলে একটি শিরোপা ইতিমধ্যেই জিতে গেছেন, আরেকটির ফাইনালে উঠেছেন বিশ্বজয়ী আর্জেন্টিনার অধিনায়ক। এবার মেজর লিগ সকারে অভিষেকের পালা। যে ম্যাচের টিকিট নিয়ে আমেরিকায় চলছে কাড়াকাড়ি।
মেজর লিগে মহাতারকার অভিষেক রোববার, নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে। বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় ম্যাচ শুরু। মেসির অভিষেকের সেই ম্যাচের টিকিটের চাহিদা এমন তুঙ্গে যে, ‘ন্যাশনাল লিগ ফুটবল এনএফএলের গত মৌসুমে যেকোনো দলের টিকিটের চাহিদার চেয়ে অনেক বেশি’ এই এক ম্যাচ ঘিরেই।
সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ভিভিড সিটসের ভোক্তা যোগাযোগ বিশেষজ্ঞ শানা রোসেনথাল সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘মেসির মেজর লিগ সকারে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে অভিষেক ম্যাচের টিকিটের চাহিদা ও দাম গড়ের চেয়ে বেশি হয়েছে। এটি এনএফএলের যেকোনো ম্যাচের টিকিটের চাহিদার চেয়ে বহুগুণ বেশি।’
এলএম-১০ ওই ম্যাচে খেলবেন নাকি বিশ্রামে থাকবেন সেটি ক্লাব কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করেনি। টিকিটের চাহিদা অনেক বেশি হওয়ার কারণে প্রতিটির দাম ৩ হাজার ডলারে পৌঁছেছে, যার গড় মূল্য ছিল ৪৯৬ ডলার। টিকিটের দাম বেড়েছে ৬ গুণ।
লিগস কাপে ইন্টার মিয়ামি ও এফসি ডালাসের ম্যাচের টিকিট সবচেয়ে বেশি গড়ে ৬৭৮ ডলার করে বিক্রি হয়েছিল। সেটি সামনের ম্যাচের টিকিট বিক্রির রেকর্ডের কাছে ভাঙতে চলেছে, বলছেন বিশ্লেষকরা।
মেসিদের বিপক্ষে ম্যাচ রেড বুলস ৮২,৫০০ দর্শক ধারণ ক্ষমতার মেটলাইফ স্টেডিয়ামে আয়োজন করতে চায়। একইদিনে সেখানে এনএফএলের জেটস এবং জায়ান্টসের প্রাক-মৌসুম ম্যাচ রয়েছে। ফলে রেড বুলসের ২৫,০০০ ধারণ ক্ষমতার মাঠেই থাকতে হচ্ছে।
সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকার মেজর লিগ সকারে অভিষেক না হলেও ইতিমধ্যে লিগস কাপের শিরোপা জিতেছেন। এফসি সিনসিনাটিকে হারিয়ে ইউএস ওপেন কাপের ফাইনালে উঠেছে মিয়ামি। সবমিলিয়ে আট ম্যাচ খেলে ১০ গোল করে ফেলেছেন।








